রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা জাতীয় ছাত্রশক্তি।
বিবৃতিতে কুবি শাখা ছাত্রশক্তির আহ্বায়ক নিলয় বড়ুয়া বলেন, সাংবাদিকদের ওপর হামলা শুধু ব্যক্তির ওপর আঘাত নয়, এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর হামলা। কোনো মতবিরোধ কিংবা রাজনৈতিক বিরোধের অজুহাতে সাংবাদিকদের ওপর হামলা চালানোর অধিকার কারও নেই।
ছাত্রশক্তির দাবি, রাবির শহীদ জিয়াউর রহমান হলের সামনে ছাত্রদলের নেতাকর্মীদের দেশীয় অস্ত্র নিয়ে চালানো ওই হামলায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে আহত সাংবাদিকদের যথাযথ চিকিৎসা এবং ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের ওপর হামলা করে সত্য প্রকাশের পথ রুদ্ধ করা যাবে না। কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যৎ রাজনীতিতে সহিংসতা ও কর্তৃত্ববাদী প্রবণতা উৎসাহিত হতে পারে। ছাত্ররাজনীতিতে অস্ত্র, হামলা ও ভয়ভীতির পরিবর্তে আদর্শ, যুক্তি ও জনকল্যাণকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে হামলার বিচার না হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেয় সংগঠনটি।


