রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পসহ সংশ্লিষ্ট খাতগুলোর বকেয়া নগদ সহায়তার বিপরীতে ২ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
সংগঠনটি বলছে, সংকটময় সময়ে এই অর্থ ছাড় শিল্প মালিকদের জন্য বড় স্বস্তি হয়ে এসেছে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান সরকারের শীর্ষ পর্যায়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধের পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাস বিল মেটাতে শিল্প মালিকদের ওপর যখন বাড়তি চাপ তৈরি হয়েছে, ঠিক সেই সময়ে এই বরাদ্দ অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ।
বিজিএমইএ জানায়, আটকে থাকা নগদ সহায়তার অর্থ ছাড়ের জন্য সংগঠনের বর্তমান বোর্ড সাম্প্রতিক সময়ে সরকারের শীর্ষ পর্যায়, অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দফায় দফায় বৈঠক ও আলোচনা করেছে। এরই ধারাবাহিকতায় দ্রুততম সময়ে ২ হাজার ৫০০ কোটি টাকার এই তহবিল অনুমোদন পেয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় কিস্তির প্রথম ধাপে ১ হাজার ৫০০ কোটি টাকা এবং দ্বিতীয় ধাপে ১ হাজার কোটি টাকা মিলিয়ে মোট ২ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
সংগঠনটি তার সদস্য প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ লিয়েন ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।


