‘বর্তমান যুক্তরাজ্যকে ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন বলা যায়’–এমন মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দেশকে নিয়ে ব্রিটিশ গণমাধ্যমগুলোতে সংবাদ পরিবেশনের ধরন বোঝাতে গিয়ে তিনি এই কথা বলেন।
গত বৃহস্পতিবার প্রচারিত ‘মেলেখ ব্লিটজার হাইম’ নামের একটি পডকাস্টে অংশ নিয়ে নেতানিয়াহু যুক্তরাজ্যকে উদ্দেশ করে এ মন্তব্য করেন বলে আল-জাজিরা জানিয়েছে।
ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আলোচনার একপর্যায়ে ব্রিটিশ লেখক র্যান্ডলফ চার্চিলের প্রসঙ্গ তোলেন নেতানিয়াহু। তিনি উল্লেখ করেন, ১৯৬৭ সালের ঐতিহাসিক ছয়দিনের যুদ্ধের সময় চার্চিল ইসরায়েলের পক্ষে অত্যন্ত ইতিবাচক প্রতিবেদন করতেন।
এরপরই ব্যঙ্গাত্মক সুরে নেতানিয়াহু বলেন, ‘আজকের ব্রিটেনে এমন প্রতিবেদন খুঁজে দেখুন দেখি! দেশটিকে আপনি চাইলে ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন বলতে পারেন।’
যুক্তরাজ্য দীর্ঘদিন ধরে ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র দেশ হিসেবে পরিচিত। তবে আলোচনার পরের অংশে নেতানিয়াহু মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ২০২২ সালের একটি পুরোনো মন্তব্যের কথা স্মরণ করিয়ে দেন। ভ্যান্স তখন বলেছিলেন, ‘যুক্তরাজ্য হতে যাচ্ছে বিশ্বের প্রথম পারমাণবিক অস্ত্রধারী ইসলামপন্থী দেশ।’
ভ্যান্সের সেই বক্তব্যের প্রতি ইঙ্গিত করে নেতানিয়াহু আরও বলেন, ‘কেউ একজন বলেছিলেন, প্রথম পারমাণবিক অস্ত্রধারী ইসলামিক প্রজাতন্ত্র হবে ব্রিটেন। ইরান যাতে নতুন করে তেমন কোনো দ্বিতীয় দেশ না হতে পারে, আমরা সেই চেষ্টাই নিশ্চিত করছি।’


