রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে ককটেল, বিস্ফোরক, মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, শনিবার বিকাল ৪টা থেকে রোববার রাত সাড়ে ৩টা পর্যন্ত চলা এ অভিযানে তেজগাঁও বিভাগের ১২০ জন পুলিশ সদস্য অংশ নেন। এ সময় আটটি ককটেল, দুটি পেট্রোল বোমা, ছয়টি সামুরাই, পাঁচটি হেলমেট, তিনটি ছুরি, ১১টি চোরাই মোবাইল ফোন এবং ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি রাজধানীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলেও জানানো হয়।
এর আগে, শনিবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পসংলগ্ন বাবর রোড-গজনবি রোড এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলে। সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে শাকিল (২০), শাহিন (৩৫) ও হুসাইন (১৮) নামে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় ১২ হাজার পুরিয়া হেরোইন, ৮০০ গ্রাম গানপাউডার, ছয়টি ককটেল বোমা, ধারালো অস্ত্রসহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য।

গত আগস্টেও একই এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে শাহ আলম নামে এক ব্যক্তি নিহত হন। এরপর যৌথবাহিনী ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেপ্তার করে। সেই সময় শাহ আলম হত্যা মামলার ২৬ আসামি ছাড়াও বিস্ফোরক আইনে দুজন, মাদকদ্রব্য আইনে দুজন এবং অন্য মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছিল।


