শিক্ষার্থীদের মানসিক আঘাত কাটিয়ে স্বাভাবিক স্কুল জীবনে ফিরতে সহায়তার লক্ষ্যে জাপানের সরকারি উন্নয়ন সহযোগী সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) উদ্যোগে মাইলস্টোন স্কুল ও কলেজে একটি ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ঢাকার উত্তরা ক্যাম্পাসে আয়োজিত এই ক্রীড়া উৎসব সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মুশফিকুর রহিম।
জাইকা এক বিবৃতিতে জানিয়েছে, মাইলস্টোন স্কুলে সংঘটিত বিমান বিধ্বস্তের পর শিক্ষার্থীদের মধ্যে তৈরি হওয়া আতঙ্ক ও মানসিক চাপ কমাতে এবং তাদের আবার স্কুল জীবনের সঙ্গে যুক্ত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই থেরাপিউটিক ও কমিউনিটি-বান্ধব আয়োজনের সহ-আয়োজক ছিল মাইলস্টোন স্কুল ও কলেজ। অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করেছে জাপানের এমইউএফজি ব্যাংক এবং সমাজকল্যাণমূলক সংগঠন একমাত্রা সোসাইটি।
জাইকা জানিয়েছে, বিমান দুর্ঘটনার ঘটনাটি শিক্ষার্থী, শিক্ষক ও ক্ষতিগ্রস্ত পরিবারসহ পুরো সমাজে গভীর মানসিক প্রভাব ফেলেছিল। দুর্ঘটনার পরবর্তী মাসগুলোতে প্রায় একশ শিক্ষার্থী নিয়মিতভাবে শ্রেণিকক্ষে উপস্থিত হতে পারেনি এবং অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে স্কুল জীবনের সঙ্গে সংযোগ দুর্বল হয়ে পড়ে।
বিবৃতিতে আরও বলা হয়, এই প্রেক্ষাপটে কাউন্সেলিং সহায়তার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সম্মিলিত ও উদ্দীপনামূলক উদ্যোগের প্রয়োজনীয়তা অনুভব করে জাইকা ও সংশ্লিষ্ট অংশীদাররা।
ক্রিকেটসহ বিভিন্ন খেলা এবং দলগত কার্যক্রম নিয়ে আয়োজিত এই ক্রীড়া উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আনন্দমুখর পরিবেশ তৈরির চেষ্টা করা হয়। অংশগ্রহণ, দলগত সহযোগিতা এবং একসঙ্গে সময় কাটানোর মধ্য দিয়ে শিক্ষার্থীরা মানসিকভাবে স্বস্তি পাবে বলে আশা প্রকাশ করেছে জাইকা।
সংকটের সময়ে শিশুদের সামগ্রিক বিকাশে একটি মডেল উদ্যোগ হিসেবে জাইকা এবং মাইলস্টোন স্কুল ও কলেজের অংশীদারিত্বকে এই আয়োজন আরও শক্তিশালী করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে মুশফিকুর রহিমের উপস্থিতি আয়োজনে বিশেষ তাৎপর্য যোগ করে। বিকেএসপির প্রাক্তন শিক্ষার্থী হিসেবে স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে তার সফলতার যাত্রা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ফিরে পেতে সহায়তা করবে বলে মনে করছে জাইকা।
জাইকা জানিয়েছে, বহু বছর ধরে তারা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছে। দেশের ক্রীড়া উন্নয়নে এ পর্যন্ত প্রায় ৩০ জন জাপান ওভারসিস কোঅপারেশন ভলান্টিয়ার বিকেএসপির সঙ্গে কাজ করেছেন।
ক্রীড়া উৎসবে প্রায় ১৩শ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অংশ নেন। খেলাধুলার পাশাপাশি এই আয়োজন শিক্ষার্থীদের সহপাঠীদের সঙ্গে আনন্দময় পরিবেশে সময় কাটানোর সুযোগ করে দেয় বলেও বিবৃতিতে জানানো হয়।


