রাজধানী ঢাকার আরামবাগে একটি বাসায় চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তবে নিহত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
বুধবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) কাজী আরমান হোসেন জানান, মঙ্গলবার রাতে আরামবাগ করিম ভিলা, ৯৮/১ নাম্বার বাড়িটির চতুর্থ ও পঞ্চম তলার মাঝামাঝি সিঁড়ি থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তার দুই হাত, পিঠ ও পাসহ সমস্ত শরীরেই অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।
এসআই বলেন, ‘প্রাথমিক তদন্তে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ওই ব্যক্তি চুরি করার জন্য বাড়িটিতে ঢুকেছিল। ছয়তলায় একটি বাসা থেকে মোবাইল ফোন চুরির সময় তাকে ধরে বেধড়ক পেটানো হয়। এতেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।’
তিনি আরও জানান, এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং বিষয়টি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।


