ভেনেজুয়েলার আকাশসীমাকে ‘পুরোপুরি বন্ধ’ বিবেচনা করা উচিত বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার নিজের সোশ্যাল হ্যান্ডল ট্রুথ সোশ্যালে তিনি এ মন্তব্য করেছেন। তবে এ মন্তব্যের বিষয়ে বিস্তারিত আর কিছু বলেননি ট্রাম্প।
ওই পোস্টে তিনি বলেন, ‘সকল এয়ারলাইনস, পাইলট, মাদক ব্যবসায়ী এবং মানব পাচারকারীদের প্রতি অনুরোধ, ভেনেজুয়েলার উপরে এবং চারপাশের আকাশসীমাকে পুরোপুরি বন্ধ বলে বিবেচনা করবেন।’
ওয়াশিংটন প্রশাসন যখন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের ওপর চাপ বাড়াচ্ছে ঠিক তখন ট্রাম্পের এই বক্তব্য উদ্বেগ ও বিভ্রান্তি দুটোই বাড়িয়েছে।
ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে জানতে রয়টার্স মার্কিন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু উল্টো তারা বিস্ময় প্রকাশ করেছেন এবং এটাও বলেছেন যে, ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধ কার্যকর করতে তাদের দেশ কোনো সামরিক অভিযান চালাচ্ছে কিনা, তাও জানেন না তারা।
একই বিষয়ে জানতে প্রশ্ন করা হলে পেন্টাগন বা হোয়াইট হাউজও কোনো সাড়া দেয়নি।
অন্যদিকে, শনিবার বিকালে ভেনেজুয়েলার সরকার এক বিবৃতিতে ট্রাম্পের মন্তব্যের নিন্দা জানিয়েছে। এই মন্তব্যকে দক্ষিণ আমেরিকার এই দেশটির সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি ‘ঔপনিবেশিক হুমকি’ এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে বেমানান বলেও অভিহিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘মার্কিন প্রেসিডেন্টের পোস্টটি একতরফা এবং স্বেচ্ছাচারী কাজ, যা আন্তর্জাতিক আইনের নীতির সাথে অসামঞ্জস্যপূর্ণ।’
১৯৯৮ এবং ১৯৯৯ সালে উত্তর ইরাকের উপরে নো-ফ্লাই জোনের দায়িত্বে থাকা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডেভিড ডেপ্টুলা বলেন, ‘ট্রাম্পের এই ঘোষণা উত্তরের চেয়ে বেশি প্রশ্ন তৈরি করেছে।’ৎ
দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভেনেজুয়েলা থেকে আসা অবৈধ মাদকে আসক্ত হয়ে পড়ছেন বহু মার্কিনি, অনেকেই মারা যাচ্ছেন। আর এই মাদক সরবরাহের সঙ্গে মাদুরো সরকারের যোগসাজস রয়েছে বলেও অভিযোগ করা হয়। যদিও সবসময় এসব অভিযোগ অস্বীকার করে এসেছেন প্রেসিডেন্ট মাদুরো।
তারপরেও দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্র যেসব বিবেচনার কথা ভাবছে তার মধ্যে মাদুরোকে ক্ষমতাচ্যুত করার একটি প্রচেষ্টাও রয়েছে। ট্রাম্প দেশটিতে গোপন সিআইএ অভিযানেরও অনুমোদন দিয়েছেন।
২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরোরও দাবি, ট্রাম্প তাকে ক্ষমতাচ্যুত করতে চান। কিন্তু ভেনেজুয়েলার জনগণ এবং দেশটির সামরিক বাহিনী এমন যেকোনো প্রচেষ্টাকে প্রতিহত করবে।


