দায়িত্ব নেয়ার পর সোমবার তৃতীয় বোর্ড সভা করেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ। বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সর্বসম্মতিক্রমে তিন আঞ্চলিক ক্রিকেট সংস্থার এড হক কমিটি ভেঙে দেয়ার ঘোষণা দিয়েছে বিসিবি।
সভা শেষে আনুষ্ঠানিক কোনো সংবাদ সম্মেলন হয়নি, ঘোষণা এসেছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে। সেখানে বলা হয়, ‘চট্টগ্রাম, সিলেট ও বরিশালের আঞ্চলিক ক্রিকেট সংস্থার জন্য ঘোষিত এড হক কমিটি ভেঙে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এই সিদ্ধান্ত অনতিবিলম্বে কার্যকর হবে।’
এর আগে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন সর্বশেষ বোর্ড এই তিন আঞ্চলিক ক্রিকেট সংস্থার এড হক কমিটি ঘোষণা করেছিল। একইসাথে চলতি বছরের জানুয়ারিতে সিলেটে বিপিএল চলাকালীন আঞ্চলিক ক্রিকেট সংস্থার অফিসও উদ্বোধন করেন সাবেক সভাপতি বুলবুল।


