ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে রাজি না হলে বাংলাদেশের কিছুই করার নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
তিনি বলেন, ‘আমরা শুধু ভারতকে রাজি করানোর চেষ্টা করে যেতে পারি।’
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকা-না থাকার বিষয়টি একান্তই তাঁর সিদ্ধান্ত বলে সম্প্রতি মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ভারতের উচিত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো। কিন্তু ভারত যদি এতে রাজি না হয়, তাহলে বাংলাদেশের সামনে কিছুই করার নেই। বাংলাদেশ শুধু ভারতকে রাজি করানোর চেষ্টা করতে পারে।
শেখ হাসিনা তৃতীয় কোনো দেশে আশ্রয় গ্রহণের সম্ভাবনা সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এবিষয়েও বাংলাদেশের কিছু করার নেই। তবে বাংলাদেশ তাকে ফেরত চায়।
ভারতকে বাদ দিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন জোট গঠনে পাকিস্তানের প্রস্তাব সম্পর্কে তৌহিদ হোসেন বলেন, এধরণের জোট বাস্তবসম্মত হতে হবে। তাত্ত্বিকভাবে ভারতকে বাদি রেখে নেপাল ও ভূটান এমন জোটে অন্তর্ভুক্ত হতেই পারে। কিন্তু বাস্তব অবস্থা ভিন্ন।
পাকিস্তানের এই প্রস্তাব নিয়ে এখনই কিছু বলার মত সময হয়নি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।


