নিবন্ধনহীন বা ভুঁইফোড় সংবাদপত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ বিষয়ে সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।
সোমবার দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের সব গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, এটাই সরকারের প্রত্যাশা। সরকার চায় গণমাধ্যম দায়িত্বশীলতার সঙ্গে স্বাধীনভাবে কাজ করুক এবং সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরুক।’
তিনি বলেন, সাংবাদিকদের নিয়ে নতুন করে নীতিমালা করার ক্ষেত্রে সাংবাদিক সমাজসহ সংশ্লিষ্টদের মতামত নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। কেউ যদি কোনো ব্যক্তি বা গণমাধ্যমের নাম ব্যবহার করে অপকর্ম করেন বা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি পরিচালনা করেন, তাহলে সংক্ষুব্ধ ব্যক্তি আইনের আশ্রয় নিতে পারেন।’
এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে জ্বালানি তেলের কোনো সমস্যা নেই। পর্যাপ্ত পরিমাণ পেট্রল সরকারের কাছে মজুত আছে। পর্যায়ক্রমে তা দেওয়া হবে। কিছু গুজবও আছে। অনেকেই মজুত করার চেষ্ঠা করছে। কোথাও জ্বালানি তেলের সংকট দেখা দিলে তা নজরদারির আওতায় এনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ব্যাপারে সরকারের অভিযান অব্যাহত আছে।’
এর আগে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তথ্য প্রতিমন্ত্রী প্রশাসনকে জুয়া, মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে অবৈধ পার্কিং বন্ধ, অবৈধভাবে দখল করা জায়গা ও দোকান উচ্ছেদ এবং অবৈধ অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার করার তাগিদ দেন।
তিনি বলেন, ‘ময়মনসিংহ শহরের যানজটের মূল কারণ রাস্তার সংকট নয়, বরং ব্যবস্থাপনার ঘাটতি। অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং যানবাহন নিয়ন্ত্রণে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক দলসহ সবাইকে সহযোগিতা করতে হবে।’
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য এম ইকবাল হোসাইন বলেন, ‘আইনশৃঙ্খলার কাজ আইনশৃঙ্খলা বাহিনীরই করতে হবে, আমরা শুধু সাহায্য-সহযোগিতা করতে পারব। আমরা রাজনৈতিক পরিচয়ে মানুষকে সচেতন করতে পারব। কিন্তু কাজের দায়িত্বটা আপনাদের নিতে হবে। আমি আশা করব আপনারা আজ থেকেই একটু শক্ত ও কঠোর হবেন।’
জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন, ময়মনসিংহ-১ আসনের এমপি সালমান ওমর রুবেল, ময়মনসিংহ-২ আসনের এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ, ময়মনসিংহ-৪ আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের এমপি জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৬ আসনের এমপি কামরুল হাসান মিলন এবং ময়মনসিংহ-১০ আসনের এমপি মো. আক্তারুজ্জামান বাচ্চু।
এ ছাড়া সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


