গণতন্ত্রকে বিকশিত ও শক্তিশালী করতে গণমাধ্যমের স্বাধীনতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আইনের শাসন নিশ্চিত করতে এবং গণতন্ত্রের পরিসর আরও বিস্তৃত করতে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘আজকে আমরা গণতন্ত্রের যে পরিসর পেয়েছি, তাকে বিকশিত করতে হলে, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে, আইনের শাসন নিশ্চিত করতে হলে গণমাধ্যমের স্বাধীনতার কোনো বিকল্প নেই।’
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্ব দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘গণমাধ্যম যদি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সমাজে সন্ত্রাস কমে যাবে, ঘুষ খাওয়া কমে যাবে, সমাজ অনেক পরিচ্ছন্ন হয়ে উঠবে।’
এক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে বলেও উল্লেখ করেন তিনি।
ডিআরইউর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের কল্যাণ ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন রিজভী। তিনি বলেন, দেশের গণতন্ত্রের পথচলা যেন একটি চমৎকার গন্তব্যের দিকে এগিয়ে যায়, সেই গুরুদায়িত্ব গণমাধ্যমকে পালন করতে হবে।
এর আগে ডিআরইউর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন, বেলুন ও কবুতর উড়ানো হয়। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি রুহুল কবির রিজভী অনুষ্ঠান উদ্বোধন করলে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি বের করা হয়।
অনুষ্ঠানে রেলপথ প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ (এমপি), বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও পটুয়াখালী-২ আসনের এমপি শফিকুল ইসলাম মাসুদ, ডিআরইউর সাবেক নেতারা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


