প্যারোলে ৫ ঘণ্টার মুক্তি পেলেন চিন্ময়

প্যারোলে ৫ ঘণ্টার মুক্তি পেলেন চিন্ময়
প্যারোলে মুক্তির পর বেড়িয়ে আসছেন চিন্ময় কৃষ্ণ দাস। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মায়ের শেষকৃত্যে অংশ নিতে কারাবন্দী চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার দুপুরে তার প্যরোলে মুক্তির আবেদনের প্রেক্ষিতে তাকে মুক্তির অনুমতি দেওয়া হয়েছে। পরে বিকাল চারটায় তাকে কারাগার থেকে বের করে প্রিজন ভ্যানে তোলা হয়।

এর আগে, চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন চিন্ময়ের ভাই রঞ্জন কুমার ধর।

আবেদনে চিন্ময়ের ভাই রঞ্জন কুমার ধর বলেন, ‘আমার ও আটক ব্যক্তির মা সন্ধ্যা রাণী ধর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মৃত্যুবরণ করেছেন। মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া ও শেষকৃত্যে আটক ব্যক্তি চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাসের উপস্থিতি একান্ত প্রয়োজন। মায়ের শেষ সময়ে তার পাশে থাকতে না পারার পর অন্তত শেষকৃত্যে অংশগ্রহণের সুযোগটি তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অবস্থায়, বিষয়টির মানবিক ও ধর্মীয় গুরুত্ব বিবেচনা করে আটক চিন্ময় কৃষ্ণকে প্রয়োজনীয় সময়ের জন্য প্যারোলে মুক্তি/নিরাপত্তাসহ প্যারোলে উপস্থিতির অনুমতি দিয়ে তার মৃত মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য মহোদয়ের সদয় আদেশ প্রার্থনা করছি।’

এ আবেদন মঞ্জুর করে জেলা প্রশাসক জানান, মায়ের পরলৌকিক কার্য (সৎকার) অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আসামি পক্ষে তার ভাই রঞ্জন কুমার ধর আবেদন করেছেন। তাই কারাগারে আটক আসামি চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাসের মায়ের সৎকার অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তাকে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করা হলো।

প্যারোলের সাধারণ মেয়াদ নিয়ে প্রচলিত নীতিমালা অনুযায়ী, এ ধরনের সাময়িক মুক্তির সময়সীমা সাধারণত ১২ ঘণ্টার মধ্যে রাখা হয়ে থাকে। তবে কারাগার থেকে গন্তব্যের দূরত্ব, যাতায়াতে প্রয়োজনীয় সময় এবং নিরাপত্তাঝুঁকি বিবেচনায় অনুমোদনকারী কর্তৃপক্ষ সময় কিছুটা কমাতে বা বাড়াতে পারেন।

আরও পড়ুন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে হাটহাজারীর পুণ্ডরীক ধামের দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। সড়কপথে কারাগার থেকে ধামে যেতে প্রায় দেড় ঘণ্টা সময় লাগতে পারে। অর্থাৎ যাওয়া-আসাতেই প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে।

চিন্ময় কৃষ্ণ দাসের প্যারোলে মুক্তির আবেদন। ছবি: সংগৃহীত

এদিকে চিন্ময় কৃষ্ণ দাসকে প্যারোলে আনাকে কেন্দ্র করে পুণ্ডরীক ধাম এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, ‘চিন্ময়কে হাটহাজারীতে আনা হবে। পুণ্ডরীক ধামে পুলিশ মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত রিজার্ভ ফোর্স আনা হচ্ছে।’

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) কাজী আমিনুর রশিদ বলেন, ‘চিন্ময় দাসের মায়ের মৃত্যুর বিষয়টি জানার পর কমিশনার স্যার সবাইকে অ্যালার্ট করেছেন। আগের মতো কোনো ঘটনা যাতে কেউ ঘটাতে না পারে, সে জন্য ফিল্ড লেভেলে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। জেলা প্রশাসন প্যারোলে মুক্তি দিয়েছেন। বন্দিকে আনা-নেওয়ার রুটে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।’

চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর (৭১) বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। পাশাপাশি হৃদরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায়ও ভুগছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর