কয়েক বছরের ধারাবাহিকতা ভেঙে ২০২৭ সালের আইপিএল নিলাম ভারতের মাটিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
মঙ্গলবার অনুষ্ঠিত আইপিএল গভর্নিং কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
২০২৩ সালে কোচির পর দুবাই, জেদ্দা ও আবুধাবিতে অনুষ্ঠিত হয়েছিল আইপিএলের মেগা ও মিনি-নিলামগুলো। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধ এবং বিদেশ ভ্রমণের জটিলতা এড়াতে এবার নিলাম ভারতে ফিরিয়ে আনা হচ্ছে।
ক্রিকবাজ জানিয়েছে, ভারতের কোন শহরে নিলাম হবে তা এখনো চূড়ান্ত হয়নি। অক্টোবর-ডিসেম্বর বিয়ের মৌসুমে শতধিক পাঁচ তারকা হোটেল রুমের সহজলভ্যতার ওপর ভিত্তি করে ভেন্যু নির্ধারণ করা হবে। অবশ্য ২০২৭ সালের পরবর্তী মেগা নিলাম পুনরায় বিদেশে হতে পারে।
এদিকে বহুল আলোচিত ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি গভর্নিং কাউন্সিল। বিসিসিআইয়ের চাওয়া মতামতে বেশিরভাগ দল নিয়মটি বাতিলের পক্ষে থাকলেও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি আরও এক মৌসুম চালুর রাখার যুক্তি দিয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী এক মাস পর পুনরায় বৈঠকে বসবে গভর্নিং কাউন্সিল।


