ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার ও বাল্কহেড নৌ পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি নিয়ে বিরোধের জেরে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শনিবার দুপুরে সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকাল ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানিয়েছেন, অরুয়াইল ইউনিয়নের রানীদিয়া গ্রামের বিএনপি নেতা আব্দুল খালেক ও একই ইউনিয়নের ধামাউড়া গ্রামের যুবদল সদস্য সচিব আব্দুল আজিজের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও বাল্কহেড নৌ পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি নিয়ে বিরোধ চলছিল।
শুক্রবার রাতে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হলে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে উভয় গ্রামের লোকজন টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত পূর্ববিরোধের জেরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


