‘বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বিসিবি-ক্রিকেটারদের’

‘বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বিসিবি-ক্রিকেটারদের’
২২ জানুয়ারি ক্রিকেটারদের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নিরাপত্তা শঙ্কায় সরকারি নির্দেশনা মেনে যৌথ আয়োজক ভারতে দল পাঠায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে কারণে বাংলাদেশকে ছাড়াই প্রথমবারের মতো হচ্ছে কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু বিশ্বকাপে ভারতে দল না পাঠানোর প্রশ্নে এবার উল্টো সুরে কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার রাতে জানিয়েছেন, সরকারি সিদ্ধান্ত নয়, ক্রিকেটার ও বিসিবির সিদ্ধান্তেই নাকি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ।

গেল ২২ জানুয়ারি ক্রিকেটারদের সাথে জরুরি বৈঠকের পর সংবাদ সম্মেলনে আসিফ নজরুল বলেন, ‘আপনাদেরকে আমি স্পষ্টভাবে জানিয়ে দেই, সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। কোনো একটা দেশের মানুষ অন্য একটা দেশে গেলে সিকিউরিটি রিস্ক আছে কি না, সেটা সরকার বিবেচনা করে দেখে। এটা অন্য কারও বিবেচনার স্কোপ নেই।’

এরপর আইসিসিকেও জানিয়ে দেয়া হয়, ভেন্যু ভারতের বাইরে সরিয়ে না নিলে বিশ্বকাপে যাবে না বাংলাদেশ। কিন্তু সেই অনুরোধ রাখেনি আইসিসি। ‘সি’ গ্রুপে বাংলাদেশের বদলি হিসেবে নেয়া হয় স্কটল্যান্ডকে। সেই হিসেবে বাংলাদেশকে বিশ্বকাপে থাকতে হচ্ছে দর্শক হয়েই।

তবে মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা যে মন্তব্য করেছেন, তা তার আগের মন্তব্যের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। বিশ্বকাপ না খেলায় কোনো আক্ষেপ আছে কিনা, এই প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, ‘কোনো রিগ্রেট? প্রশ্নই আসে না। আমাদের কী সিদ্ধান্ত, সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা, ক্রিকেট বোর্ড। তারা নিজেরা স্যাক্রিফাইস করে, দেশের ক্রিকেটারদের নিরাপত্তার জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য, বাংলাদেশের মর্যাদার প্রশ্নে যে ভূমিকা রেখেছে, আমার মনে হয়, এটা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।’

অথচ গেল ২২ জানুয়ারির বৈঠকে বিশ্বকাপ ইস্যুতে ক্রিকেটারদের মতামত নেয়ার আগেই তাদের জানিয়ে দেয়া হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত। এমনকি বিশ্বকাপে খেলা, না খেলার সিদ্ধান্ত নিয়ে ক্রিকেটারদের সাথে কোনো আলোচনাই করা হয়নি বোর্ডের তরফ থেকে। কিছু জানানো হয়নি অধিনায়ক লিটন দাসকেও।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad