বিয়ে নিয়ে বিরোধের জেরে চট্টগ্রামে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

বিয়ে নিয়ে বিরোধের জেরে চট্টগ্রামে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিয়ে সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে মো. মন্নান (৫৮) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আস্তানা শরীফ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মন্নান ওই এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে।

স্বজন ও স্থানীয় বাসিন্দারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, একটি বিয়ের বিষয় নিয়ে মঙ্গলবার সকাল থেকে পরিবারের দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। একপর্যায়ে প্রতিপক্ষের এক যুবক মন্নানের জেঠাতো ভাইকে হত্যার হুমকি দেন। এর প্রতিবাদ করেন মন্নান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়।

স্থানীয় কয়েকজন যুবক পরে পরিস্থিতি শান্ত করেন। হুমকি দেওয়া ওই যুবককে তারা তার বাড়িতে পৌঁছে দেন। এতে দিনের বেলায় বিরোধের আপাতত সমাধান হলেও রাতে মন্নানের ওপর হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দারা জানান, রাত ৮টার দিকে মন্নান এশার নামাজ পড়তে বাড়ি থেকে বের হন। কেউ কেউ বলছেন, নামাজ শেষে বাড়ি ফেরার সময়ও হামলার শিকার হতে পারেন তিনি। বাড়ির কাছের একটি অন্ধকার জায়গায় পৌঁছালে পেছন থেকে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপানো হয়।

আহত অবস্থায় মন্নান জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয় লোকজন ও স্বজনেরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার জন্য রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

নিহতের এক সন্তান বলেন, ‘আমি চাকরির কারণে চট্টগ্রাম নগরীতে ছিলাম। আমার বাবা সম্পূর্ণ সুস্থ ছিলেন।’ তিনি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।

স্বজনদের অভিযোগ, হামলাকারীরা তাদেরই প্রতিবেশী এবং পরিচিত। তারা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, দুই পক্ষই পরস্পরের আত্মীয়। প্রায় ১০ মাস আগে একটি বিয়ে হয়েছিল। পরে ওই বিয়েকে কেন্দ্র করে পারিবারিক কলহের সৃষ্টি হয়। সেই বিরোধের জেরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর