বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনাকে “উগ্র ধর্মান্ধদের ন্যাক্কারজনক কাণ্ড” বলে নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার বিকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রতিক্রিয়া জানান।
মির্জা ফখরুল বলেন, বাউলরা বাংলাদেশের আবহমান সাংস্কৃতিক গ্রাম বাংলার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তারা মাঠে-ঘাটে, পথে-প্রান্তরে বাউল গান গেয়ে বেড়ান। তাদের উপরে হামলাকে তিনি “উগ্র ধর্মান্ধদের হামলা” বলে আখ্যা দিয়ে বলেন, এ ধরনের হিংসার পথ বেছে নেওয়া কারো জন্য কাম্য নয়।
বাউলদের উপর হামলার ঘটনা সুষ্ঠু তদন্তের দাবি জানান বিএনপির মহাসচিব।
এর আগে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন করেন মির্জা ফখরুল। এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


