ঈদুল আজহার ছুটি শেষে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার সকাল থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ, ভারত ও ভুটানের মধ্যে পণ্যবাহী ট্রাকের চলাচল এবং বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর ল্যান্ডপোর্ট লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ।
তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী চলাচল স্বাভাবিক ছিল।
বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে নিয়মিত আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হয়। দীর্ঘ বিরতির পর কার্যক্রম শুরু হওয়ায় বন্দরের ইয়ার্ড ও আশপাশের এলাকায় আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। শ্রমিক, পরিবহনকর্মী এবং আমদানি-রপ্তানিকারকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো বন্দর এলাকা।
বন্দর কর্তৃপক্ষ জানায়, সোমবার সকালে প্রথম ধাপে ভুটান থেকে ৬৪ ট্রাক পাথর আমদানি হয়েছে। একই সময়ে বাংলাদেশ থেকে ১৯ ট্রাক সয়াবিন মিল ও জুট রোল রপ্তানি করা হয়েছে।


