বাংলাদেশ-মালদ্বীপ গ্রিন ইনিশিয়েটিভ চালু, সবুজ ভবিষ্যতের স্বপ্ন

বাংলাদেশ-মালদ্বীপ গ্রিন ইনিশিয়েটিভ চালু, সবুজ ভবিষ্যতের স্বপ্ন
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন ও মিয়ানজ কলেজের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা, টেকসই কৃষি ও সবুজ উন্নয়নে সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে নতুন উদ্যোগ ‘বাংলাদেশ-মালদ্বীপ গ্রিন ইনিশিয়েটিভ’ চালু হয়েছে। এ উপলক্ষে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন ও মিয়ানজ কলেজের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

রোববার বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, উদ্যোগটির আওতায় মিয়ানজ কলেজ স্কুল অব এগ্রিকালচারকে বাংলাদেশের পক্ষ থেকে ৯টি নির্বাচিত প্রজাতির ২১ হাজার ৩৬০টি বীজ এবং ২২ হাজার ৩৬০টি পলিব্যাগ দেওয়া হয়েছে।

এসব বীজ মালদ্বীপের মাটি, জলবায়ু ও পরিবেশগত পরিস্থিতিতে অঙ্কুরোদ্গম, চাষাবাদ ও অভিযোজন সক্ষমতা যাচাইয়ের জন্য গবেষণামূলকভাবে ব্যবহার করা হবে। এর মাধ্যমে মালদ্বীপের পরিবেশে বাংলাদেশের কোন কোন উদ্ভিদ প্রজাতি সফলভাবে বেড়ে উঠতে পারে, তা চিহ্নিত করা হবে।

প্রাথমিকভাবে দেওয়া বীজের মধ্যে রয়েছে ৫ হাজার পেয়ারা, ২ হাজার ৫০০ আকাশমণি, ১ হাজার ৬০০ কৃষ্ণচূড়া, ১ হাজার ২০০ নিম, ৫ হাজার গগন শিরীষ, ৭০০ বকুল, ৫ হাজার ইপিল-ইপিল, ২০০ অর্জুন ও ১৬০টি বহেরা। নার্সারিতে চারা উৎপাদনের জন্য প্রয়োজনীয় পলিব্যাগও সরবরাহ করা হয়েছে।

অনুষ্ঠানে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম বলেন, এই উদ্যোগ শুধু বীজ ও চারা উৎপাদন সামগ্রী প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি বাংলাদেশ-মালদ্বীপ সহযোগিতার একটি বাস্তবভিত্তিক ও গবেষণামুখী নতুন ক্ষেত্র তৈরি করছে।

তিনি বলেন, ‘আমরা শুধু বীজ বিনিময় করছি না, শুধু গাছ লাগাচ্ছি না—আমরা একটি টেকসই ভবিষ্যতের জন্য আমাদের অঙ্গীকার, অভিজ্ঞতা ও অভিন্ন ভাবনা বিনিময় করছি।’

হাইকমিশনার বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে বাংলাদেশ ও মালদ্বীপ উভয় দেশই ঝুঁকিপূর্ণ। তাই পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ও জলবায়ু সহনশীলতার ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

আরও পড়ুন

সমঝোতা স্মারক অনুযায়ী, মিয়ানজ কলেজ স্কুল অব এগ্রিকালচার বীজগুলোর অঙ্কুরোদ্গম, চাষাবাদ, পরিচর্যা ও পর্যবেক্ষণের দায়িত্ব পালন করবে। একই সঙ্গে উদ্ভিদের বৃদ্ধি, টিকে থাকার হার ও পরিবেশের সঙ্গে অভিযোজনের তথ্য সংরক্ষণ করা হবে।

গবেষণায় সফল প্রজাতিগুলো ভবিষ্যতে মালদ্বীপে বৃহত্তর পরিসরে বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ, সৌন্দর্যবর্ধন ও বনায়নের কাজে ব্যবহারের সুযোগ তৈরি করবে। সফলভাবে উৎপাদিত চারাগুলো উপযুক্ত পর্যায়ে পৌঁছানোর পর বাংলাদেশ হাইকমিশনের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তী সময়ে এসব চারা মালদ্বীপ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিভিন্ন স্থানে রোপণ করা হবে।

হাইকমিশনার বলেন, এসব চারা বাংলাদেশ সরকার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে মালদ্বীপ সরকার ও জনগণের জন্য বন্ধুত্বের উপহার হিসেবে বিবেচিত হবে।

তিনি এ উদ্যোগকে পরিবেশ কূটনীতি ও জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নের একটি সম্ভাবনাময় মডেল হিসেবে উল্লেখ করেন। তার মতে, পরিবেশ ও জলবায়ু মোকাবিলায় যৌথ উদ্যোগ দুই দেশের দীর্ঘমেয়াদি বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও গভীর করতে পারে।

অনুষ্ঠানে বাংলাদেশ থেকে সরবরাহ করা বীজ থেকে উৎপাদিত এবং পরবর্তী সময়ে মালদ্বীপে রোপণ করা গাছকে প্রতীকীভাবে ‘তারেক জিয়া ট্রি’ নামে পরিচিত করার একটি প্রস্তাবও তুলে ধরা হয়। হাইকমিশনার বলেন, এ ধরনের উদ্যোগ বাংলাদেশ ও মালদ্বীপের পরিবেশগত সহযোগিতার একটি প্রতীক হয়ে উঠতে পারে।

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, এ উদ্যোগকে কোনো এককালীন বৃক্ষরোপণ কর্মসূচি হিসেবে দেখা হচ্ছে না। বরং গবেষণা, চাষাবাদ, চারা উৎপাদন ও পরবর্তীতে বৃক্ষরোপণের ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে এটিকে দীর্ঘমেয়াদি পরিবেশগত সহযোগিতায় রূপ দেওয়ার লক্ষ্য রয়েছে।

মালদ্বীপের ৫০ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া এই উদ্যোগ ভবিষ্যতে দুই দেশের মধ্যে কৃষি, উদ্যানতত্ত্ব, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়নে আরও বিস্তৃত সহযোগিতার পথ তৈরি করবে বলে আশা করছে বাংলাদেশ হাইকমিশন।

হাইকমিশনার বলেন, ‘এই বীজগুলো গাছে পরিণত হোক, আর এই গাছগুলো বাংলাদেশ-মালদ্বীপ বন্ধুত্বের স্থায়ী প্রতীকে পরিণত হোক।’

মিয়ানজ কলেজের চেয়ারম্যান আহমেদ মোত্তাকী, রেক্টর এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান বাংলাদেশ হাইকমিশন।

হাইকমিশন মিয়ানজ কলেজ ও মালদ্বীপ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ-মালদ্বীপ গ্রিন ইনিশিয়েটিভ আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad