বাংলাদেশ পিপলস লীগকে তিন মাসের মধ্যে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দলটির নিবন্ধন সংক্রান্ত বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বুধবার বিচারপতি মো. হাবিবুল গনি এবং বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।
আদালতে বাংলাদেশ পিপলস লীগের পক্ষে শুনানি করেন দলটির চেয়ারম্যান আইনজীবী গরীব নেওয়াজ মোহাম্মদ। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মো. সেলিম মিয়া।
মামলার নথি অনুযায়ী, বাংলাদেশ পিপলস লীগের মহাসচিব সৈয়দ মাহবুব হোসেন হাইকোর্টে রিট আবেদন করেন। তিনি আদালতকে জানান, দলটি ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়।
২০২৫ সালে বাংলাদেশ পিপলস লীগ নির্বাচন কমিশনের কাছে নিবন্ধনের জন্য আবেদন করে। তবে কমিশন ২ ফেব্রুয়ারি দলটিকে নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত জানায়।
পরে ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হলে আদালত রুল জারি করে। বুধবার সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট নির্বাচন কমিশনকে তিন মাসের মধ্যে বাংলাদেশ পিপলস লীগকে নিবন্ধন দেওয়ার নির্দেশ দেয়।


