বরিশাল সিটি কর্পোরেশনের ‘রিসোর্ট প্রকল্পে’ নিষেধাজ্ঞা

বরিশাল সিটি কর্পোরেশনের ‘রিসোর্ট প্রকল্পে’ নিষেধাজ্ঞা
বরিশাল সিটি কর্পোরেশনের কুয়াকাটা রিসোর্ট নির্মাণ প্রকল্প বাতিলের দাবি গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বরিশাল সিটি কর্পোরেশনের কুয়াকাটায় জমি কেনা ও রিসোর্ট নির্মাণ প্রকল্পের ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। এক রিট আবেদনের প্রেক্ষিতে সোমবার হাইকোর্ট এই আদেশ দেয়।

বৃহস্পতিবার সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার এক সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে সিটি কর্পোরেশনের এই প্রকল্পকে ‘অবিবেচক ও নগরবাসীর স্বার্থবিরোধী’ আখ্যা দিয়ে পুরোপুরি বাতিলের দাবি জানায় গণসংহতি আন্দোলন। সংগঠনের নেতারা বলেন, একদিকে সিটি কর্পোরেশনের বেতন বৈষম্য, বর্জ্য ব্যবস্থাপনার দুরাবস্থা, ড্রেনেজ সংকট, পয়নিষ্কাশনের অব্যবস্থা, মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থতা সবমিলিয়ে নগরবাসী চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এখনো চালু হয়নি। এতে নগরীর ৫ নম্বর ওয়ার্ডসহ কয়েকটি এলাকা সামান্য জোয়ারেই পানিতে ডুবে যায়। এসব সমস্যার সমাধানে কোনো কার্যকর উদ্যোগ নেই। অথচ এসব সমস্যার সমাধানে কোনো কার্যকর উদ্যোগ না নিয়ে কুয়াকাটায় রিসোর্ট নির্মাণের জন্য ১৭ কোটি টাকার প্রকল্প নিয়েছে সিটি কর্পোরেশন।

বরিশাল নগরীর সমস্যা সমাধানকে অগ্রাধিকার দিতে অবিলম্বে এই রিসোর্ট  প্রকল্প পুরোপুরি বাতিলের দাবি জানান গণসংহতির নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার সমন্বয়কারী দেওয়ান আব্দুর রশিদ নিলু। সংগঠনের নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ ও ছাত্র ফেডারেশন বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম শাকিব এ সময় উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad