সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজ আর সক্রিয় থাকছে না।
বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে পেজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেওয়া হয়। পোস্টে বলা হয়, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল পেজ আর সক্রিয় থাকবে না।’
গত ১৮ মাসে জনগণের সমর্থন, আগ্রহ ও অংশগ্রহণের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয় পোস্টে। সেখানে আরও বলা হয়, ফলোয়ারদের সমর্থন, সহযোগিতা ও সমালোচনার কারণে এই যাত্রা আরও মূল্যবান ও সমৃদ্ধ হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকে সরকারের বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ সংক্রান্ত বিবৃতি ও হালনাগাদ তথ্য নিয়মিত ওই পেজে প্রকাশ করা হতো।
এ ছাড়া প্রধান উপদেষ্টা বিভিন্ন জাতীয় ইস্যু সম্পর্কে সাধারণ জনগণকে জানানোর মাধ্যম হিসেবেও এই প্ল্যাটফর্মটি ব্যবহার করতেন।


