দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবারও পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন সহকারী শিক্ষকরা।
তিন দাবি পূরণ না হলে এবার বার্ষিক পরীক্ষা বর্জন এবং ১১ ডিসেম্বর থেকে অনশন শুরু করবেন শিক্ষকরা।
বৃহস্পতিবার ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের’ আহ্বায়ক শামসুদ্দিন মাসুদ টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।
চাকরিতে গ্রেড বৃদ্ধিসহ তিন দাবি পূরণে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকদের সংগঠনগুলো। কর্মসূচি চলাকালীন শিক্ষকদের ফেসবুক গ্রুপগুলোতে কর্মবিরতির ছবি দিতে বলেছেন শিক্ষক নেতারা।
এর আগে, চাকরির গ্রেড বৃদ্ধি করে প্রজ্ঞাপনের দাবিতে ২৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত কর্মবিরতির ডাক দেয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আরেকটি সংগঠন শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ।
সেই আহ্বানে শিক্ষকরা বেশি সাড়া না দেওয়ায় আন্দোলনের প্ল্যাটফর্ম ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের’ পক্ষ থেকে আবারো কর্মসূচির ডাক দেওয়া হয়।


