সব প্রস্তুতি শেষ করা গেলে ২০২৬ সালে পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগের সপ্তাহেও (অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে) নির্বাচন আয়োজন করা যেতে পারে।
লন্ডনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে দেড় ঘণ্টার একান্ত বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সে ক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে।
শুক্রবার যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় বেলা ২টা) ওই একান্ত বৈঠকটি শুরু হয়। সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টা) বৈঠক শেষ হয়।
বৈঠক শেষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যৌথ প্রেস ব্রিফিংয়ে জানান, নির্বাচন কমিশন (ইসি) শিগগিরই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময়সূচি ঘোষণা করবে।
যৌথ ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অংশ নেন।
নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণায় সমস্যা কোথায়—এমন প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, ‘এটি কোনো সমস্যাই নয়। এ ক্ষেত্রে আমরা কোনো সমস্যা দেখছি না। কেউ সমস্যা দেখলে, তা ভুল দেখছেন।’
তিনি আরো বলেন, ‘যৌথ বিবৃতিতে বলে দিয়েছি, আশা করছি, নির্বাচন কমিশন নির্বাচনের বিষয়ে একটা তারিখ ঘোষণা করবে।’
আরেক প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ঐকমত্যের ভিত্তিতে সংস্কার হবে। ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদও হবে। এ নিয়ে আগেও আলোচনা হয়েছে, ঐকমত্যের ভিত্তিতে এসব করার আগেই সিদ্ধান্ত রয়েছে।’


