রাজধানীর উত্তরায় ডিএল ফিলিং স্টেশন বিক্রি করা টাকা ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) ও উত্তরা ক্রাইম বিভাগের যৌথ দল। এ সময় তাদের কাছ থেকে চারটি ৭ দশমিক ৬৫ মি.মি. পিস্তল, ছয়টি ম্যাগাজিন, ২১ রাউন্ড গুলি, র্যাবের ভুয়া পরিচয়পত্র, ভেস্ট, ক্যাপ, ওয়াকিটকি, হাতকড়া ও বিভিন্ন নম্বর প্লেটসহ ছিনতাই হওয়া নগদ ১২ লাখ টাকাও উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, ইলিয়াস শিকদার (৩৬), জাফর (৩৬), রবিউল ইসলাম ওরফে রুবেল (৩৪), মিন্টু রাড়ী (২৩) ও সাগর বাড়ৈ (৪০)।
শনিবার সকালে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

ডিএমপি জানায়, গত ৯ আগস্ট সকালে উত্তরা পূর্ব থানার ডিএল ফিলিং স্টেশনের ম্যানেজারসহ চারজন এক কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। পথে বিমানবন্দর থানার ঢাকা-ময়মনসিংহ সড়কের ক্রাউন প্লাজার কাছে বিআরটি লেনে মোটরসাইকেলে আসা একদল ছিনতাইকারী তাদের গতিরোধ করে অস্ত্র ও চাপাতি দেখিয়ে টাকা লুট করে পালিয়ে যায়।
ঘটনার পর তদন্তে নেমে প্রথমে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ইলিয়াস ও জাফরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাতুয়াইল, যাত্রাবাড়ী ও শ্যামপুর থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার আসামিদের ঘটনায় সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান চলছে।


