পুলিশের কাজে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের কাজে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ সপ্তাহের পদক প্রদান বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

পুলিশের দায়িত্ব পালনে বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শনিবার সকালে রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহের পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ৯২ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) দেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত থেকে আইন অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে সরকার কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করবে না।

পুলিশের কেউ কেউ এখনও ‘ফ্যাসিবাদীদের’ সঙ্গে যোগাযোগ রেখে তাদের বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছেন। এ ধরনের কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে, যোগ করেন তিনি।

সালাউদ্দিন আহমেদ বলেন, এ ধরনের ঘটনায় শুধু বিভাগীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকা হবে না। কোনো ফৌজদারি অপরাধ হলে তার জন্যও একই সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে ‘গুড ফেইথ’ বা সৎ উদ্দেশ্যে ছোটখাটো ভুল হলে তা বিবেচনায় নেওয়া হবে। তবে ইচ্ছাকৃত অনিয়ম, দায়িত্বে অবহেলা বা অপরাধের ক্ষেত্রে শৃঙ্খলামূলক ও আইনগত–দুই ধরনের ব্যবস্থাই নেওয়া হবে।

তিনি বলেন, ‘সাইবার অপরাধ মোকাবিলায় আগামী সপ্তাহে বাংলাদেশ পুলিশের স্বতন্ত্র ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ চালু করা হবে। এর সদর দপ্তরে একজন অতিরিক্ত আইজিপির পদ থাকবে। পদটি না থাকলে আমরা সৃষ্টি করবো। ওই অতিরিক্ত আইজিপির নেতৃত্বে এই ইউনিট পরিচালিত হবে। পর্যায়ক্রমে মহানগর, বিভাগ ও জেলা পর্যায়েও এর কার্যক্রম বিস্তৃত করা হবে।

ইউনিটটিতে আধুনিক প্রযুক্তির সরঞ্জাম সংযোজনের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জটিল সাইবার অপরাধের তদন্ত ও বিশ্লেষণ কেন্দ্রীয় পর্যায়ে হবে। তবে থানা, জেলা বা বিভাগীয় পর্যায়ে যেসব অপরাধ বিশ্লেষণ করা সম্ভব, সেগুলো স্থানীয় পর্যায়েই সম্পন্ন করার সক্ষমতা তৈরি করা হবে।’

সাইবার পুলিশ ইউনিট গঠনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে নীতিগত অনুমোদন দিয়েছে। ২১ সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো মন্ত্রণালয়ের চিঠিতে বর্তমান জনবল ও সরঞ্জাম ব্যবহার করে অতিরিক্ত আইজিপির নেতৃত্বে ইউনিটটির কার্যক্রম শুরুর কথা বলা হয়। একইসঙ্গে পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামোর প্রস্তাবও চাওয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘প্রযুক্তির বিস্তারের সঙ্গে অপরাধের ধরনও দ্রুত বদলাচ্ছে। সাইবার স্পেস ব্যবহার করে সংঘটিত অপরাধ এখন আধুনিক অপরাধপ্রবণতার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।’

আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলনে অংশ নেওয়ার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘অনেক দেশে প্রতারণা ও সাইবারনির্ভর অপরাধ মোট অপরাধের বড় অংশ হয়ে উঠছে। সে কারণে বাংলাদেশেও এই খাতকে বিশেষ গুরুত্ব দিতে হবে।”
প্রযুক্তি যতই আধুনিক হোক, পুলিশের সবচেয়ে বড় শক্তি হলো মানুষের আস্থা। জনগণের আস্থা ছাড়া কোনও আইন প্রয়োগকারী সংস্থা দীর্ঘমেয়াদে কার্যকর ভূমিকা পালন করতে পারে না।’

আরও পড়ুন

পুলিশের প্রতি জনআস্থা আগের একটি সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত সাত মাসে প্রাতিষ্ঠানিক, আইনগত ও প্রশাসনিক সহায়তার মাধ্যমে পুলিশের ভাবমূর্তি ও জনআস্থা পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করেছে।’

পুলিশ সদস্যদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনারা কতটা সফল হয়েছেন, ‘কতটা মানুষের আস্থা অর্জন করতে পেরেছেন, নিজেরা বিচার করুন। পদমর্যাদা যাই হোক, কোনো কর্মকর্তা যদি জনগণের প্রত্যাশা অনুধাবনে ব্যর্থ হন, তাহলে তার পরিণতি ভালো হবে না।’

তিনি বলেন, ‘জনগণের সঙ্গে সম্মানজনক ও মানবিক আচরণ করতে হবে, মানুষের কথা শুনতে হবে এবং সমস্যাকে গুরুত্ব দিতে হবে। আইনের মধ্যে থেকে দ্রুততম সময়ে প্রত্যাশিত সেবা দেওয়ার চেষ্টা করতে হবে।’
লিখিত বক্তব্যে ‘জুলাই বিপ্লব’ শব্দ থাকার প্রসঙ্গেও অনুষ্ঠানে কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি ‘বিপ্লব’ ও ‘গণঅভ্যুত্থান’ এর মধ্যে পার্থক্য রয়েছে বলে মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বিপ্লব সংঘটিত হয় সমাজ, অর্থনৈতিক কাঠামো ও মৌলিক সাংবিধানিক পরিবর্তনের জন্য। আমাদের এখানে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, নাগরিক ও সাংবিধানিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার দাবিতে।’

এ কারণে ২০২৪ সালের ঘটনাকে ‘জুলাই ছাত্র-গণঅভ্যুত্থান’ হিসেবে অভিহিত করার পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

পুলিশের প্রয়োজন অনুযায়ী, স্বল্পমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে নতুন কর্মকর্তা ও সদস্য নিয়োগের কথাও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রয়োজন হলে পুলিশের জনবল, সরঞ্জাম ও লজিস্টিক সক্ষমতা আরও বাড়ান হবে। একইসঙ্গে ফরেনসিক ও কেমিক্যাল পরীক্ষার সুবিধা বিকেন্দ্রীকরণের কাজ চলছে। বিভাগীয় পর্যায়ে ফরেনসিক ও কেমিক্যাল ল্যাবসহ প্রযুক্তিনির্ভর অবকাঠামো গড়ে তোলা হবে।

চট্টগ্রাম বিভাগে শিগগিরই একটি বিভাগীয় ফরেনসিক সুবিধা চালুর কথাও জানান তিনি। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগেও এ ধরনের প্রযুক্তিগত সুবিধা তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানান।

র‌্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠন এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) তদন্তের ক্ষমতা দেওয়ার প্রসঙ্গও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের আইন গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে পাস হয় এবং ১৬ সেপ্টেম্বর গেজেট প্রকাশের মাধ্যমে নতুন কাঠামো কার্যকর করা হয়। একইসঙ্গে এপিবিএনের তদন্ত ক্ষমতা সম্প্রসারণের আইনও সংসদে পাস হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন বিশেষায়িত বাহিনীতে প্রযুক্তিগত সক্ষমতার পাশাপাশি জবাবদিহির কাঠামো রাখার চেষ্টা করা হয়েছে। আইন প্রয়োগের অভিজ্ঞতায় কোনও ত্রুটি ধরা পড়লে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী সংশোধনের সুযোগ থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

পুলিশ সদস্যদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘সমাজে প্রত্যাশিত পরিবর্তন আনতে হলে আগে পুলিশ সদস্যদের নিজেদের মানসিকতা পরিবর্তন করতে হবে। সততা, ন্যায়নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে। দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে পুলিশের দায়িত্ব সবচেয়ে বেশি। আমরা যদি নিজেদের পরিবর্তন করতে পারি, তাহলে সমাজ পরিবর্তনেও ভূমিকা রাখতে পারব।’

পুলিশ বাহিনীর সদস্যদের লক্ষ্য নির্ধারণ করে দিয়ে তিনি বলেন, ‘২০২৬ সালের ৩১ ডিসেম্বর আসার আগেই আপনাদের সেই পরিবর্তন দেখাতে হবে।’

সরকার ‘রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট’ নীতি অনুসরণ করবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে অপরাধীদের আইনের আওতায় আনবেন, তাদের পুরস্কৃত করা হবে। অন্যদিকে দায়িত্বে অবহেলা, শৃঙ্খলাভঙ্গ বা অপরাধের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে।’

পদকপ্রাপ্ত পুলিশ সদস্যদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘পদক শুধু কৃতিত্বের স্বীকৃতি নয়, এটি আরও বড় দায়িত্বের অঙ্গীকার। পুলিশকে আধুনিক প্রযুক্তিতে সক্ষম, পেশাদারত্বে সমৃদ্ধ, মানবিক এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad