দীর্ঘ বিরতির পর পুলিশে পদোন্নতির জট খুলতে যাচ্ছে। চলতি মাসে এ পদোন্নতির প্রক্রিয়া শুরু হবে। ইন্সপেক্টর থেকে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার প্রায় ৫০০ কর্মকর্তা পদোন্নতি পাচ্ছেন দ্রুততম সময়ের মধ্যে। এজন্য বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সভা অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয়ে আরও কয়েকটি সভা শিগগির সম্পন্ন শেষে জৈষ্ঠ্যতা, মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে এই পদান্নতির জট খুলতে যাচ্ছে। চলতি সপ্তাহে শুরু হয়ে আগামি নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এই পদোন্নতি সম্পন্ন হবে। স্বরাস্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখার একাধিক কর্মকর্তা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি পদমর্যাদার দুইজন কর্মকর্তা মঙ্গলবার টাইমসকে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় পেশাদার হয়েও অনেক কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত ছিলেন রাজনৈতিক বিবেচনায়। অনেকের ভাল পদায়ন হয়নি। এর মধ্যে দুই থেকে চার বছর পর্যন্ত আটকে আছে অনেকের পদোন্নতি।
এ অবস্থায় ডিপিসি ও এসএসবি সভার মাধ্যমে ইন্সপেক্টর পদমর্যদার কর্মকর্তাসহ ১৫ থেকে ৩৮ ব্যাচের ৪৮৫ জন কর্মকর্তার পদোন্নতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। গত পুলিশ সপ্তাহে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন প্রধানমন্ত্রী ও স্বরাস্ট্রমন্ত্রীর কাছে পদোন্নতির দাবি তুলেছে।
অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা বলেন, ১৫৯ জন ইন্সপেক্টর এএসপি হিসেবে পদোন্নতি পাবেন চলতি সপ্তাহে। এর পর বিসিএস ৩৬, ৩৭ ও ৩৮তম ব্যাচের ১৫০ জনের অধিক এএসপি অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাবেন।
পর্যায়ক্রমে ২৮, ২৯ ও ৩০তম ব্যাচের ৯৫ জন অতিরিক্ত পুলিশ সুপার হবেন পুলিশ সুপার (এসপি)। ২২ ও ২৪তম ব্যাচের ৬০ এর অধিক এসপি হবেন অতিরিক্ত ডিআইজি। এর মধ্যে ২২ ব্যাচের দুজন হতে পারেন, অন্যরা ২৪ ব্যাচের। ২১, ২২ ও ২৪তম ব্যাচের ২০ জন অতিরিক্ত ডিআইজি পদোন্নতি পেয়ে ডিআইজি হবেন। আর ১৫ ও ১৭তম ব্যাচের দুইজন ডিআইজি পদোন্নতি পাবেন অতিরিক্ত আইজিপি পদে।
এ ছাড়া, ২৪-এর পর ২৫তম ব্যাচের পদোন্নতি দ্রুততম সময়ের মধ্যে হবে বলেও জানা গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ অধিদপ্তরের একাধিক সূত্রমতে, পদোন্নতির জন্য কর্মকর্তাদের কর্মজীবনের বিবরণ, বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর), গোয়েন্দা সংস্থার ভেটিং রিপোর্টসহ সব ধরনের নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) সভার মধ্য দিয়ে পদোন্নতির জট খুলতে যাচ্ছে।
অপর একটি সূত্রমতে, ২০২৫ সালের ২১ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে পুলিশের ৮০ জন পরিদর্শককে (ইন্সপেক্টর) সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দেওয়া হয়।


