পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে দুর্গাপূজার পর ফের মাঠে নামছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ সাত দল।
মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা দেবে ওই সাতটি দলের জোট। এর আগে রোববার রাতে দলগুলোর বিশেষ বৈঠকে দ্বিতীয় ধাপের কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান টাইমস অব বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সনাতনী ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার মধ্যে কোন কর্মসূচি থাকছে না।
সাতটি ইসলামী দলের দাবিগুলো হল– জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী সংসদ নির্বাচন, পিআর পদ্ধতি চালু, নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত, “ফ্যাসিস্ট সরকারের” সব জুলুম-নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং “স্বৈরাচারের দোসর” জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
সংশ্লিষ্টরা জানান, মঙ্গলবার এবং বুধবারের মধ্যে অন্য পাঁচটি দল- বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টিও (জাগপা) কর্মসূচি ঘোষণা করবে। সংবাদ সম্মেলনের পর থেকে দাবির পক্ষে জনমত সৃষ্টিতে নেতারা প্রচারণা চালাবেন।
এর আগে, এসব দাবি আদায়ে ১৮ সেপ্টেম্বর রাজধানীতে এবং ১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সাত দল।


