পরিবারসহ ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে আছাদুজ্জামান মিয়া ও তার পরিবারের সদস্যদের স্থাবর সম্পদ জব্দের এ আদেশ দেয় আদালত।
ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও ফরিদপুরে তাদের নামে থাকা এসব সম্পদের মূল্য দেখানো হয়েছে ২২ কোটি ৬৫ লাখ ৫২ হাজার ৩৩০ টাকা।
রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।
সাবেক কমিশনার আছাদুজ্জামান ছাড়াও তার স্ত্রী আফরোজা জামান, দুই ছেলে আসিফ শাহাদাৎ, আসিফ মাহদিন, মেয়ে আয়েশা সিদ্দিকা, শ্যালিকা পারভীন সুলতানা, ফাতেমাতুজ্জোহরা, শ্যালক হারিচুর রহমানের সম্পদ জব্দেরও আদেশ দেওয়া হয়েছে।
এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক আলিয়াজ হোসেন এসব সম্পদ জব্দ চেয়ে আবেদন করেন।
দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্ত আছাদুজ্জামান মিয়া ও তার পরিবারের আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য তিন সদস্য বিশিষ্ট অনুসন্ধানকারী দল নিয়োগ করা হয়েছে। উল্লেখিত ব্যক্তিরা অবৈধ উপায়ে অর্জিত সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাতের প্রচেষ্টায় রয়েছেন বলে বিশ্বস্তসূত্রে জানা গেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অবিলম্বে আছাদুজ্জামান মিয়া ও তার পরিবারের স্থাবর সম্পদ জব্দ করা প্রয়োজন। তা না হলে বিচারের সময় এসব সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।


