নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলার সংযোগকারী বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর এপ্রোচ সড়কের একটি বড় অংশ ধসে গেছে। আকস্মিক বন্যার পানির প্রবল স্রোতে সড়কের নিচের মাটি সরে যাওয়ায় সেতুটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
আত্রাই নদীর ওপর নির্মিত এই সেতুর দক্ষিণ পাশে আত্রাই উপজেলার বান্দাইখাড়া বাজার এবং উত্তর পাশে রাণীনগর উপজেলার জামালগঞ্জ বাজার। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন রাণীনগর, আত্রাই, মান্দা এবং রাজশাহীর বাগমারা উপজেলার হাজারো মানুষ ও যানবাহন চলাচল করে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাণীনগর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে ২০১৫ সালে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণকাজ শেষ হয়। পরে কয়েক বছর আগে এপ্রোচ সড়ক মেরামত, সেতুর সংস্কার ও নদীর পাড় রক্ষায় ব্লক স্থাপন করা হয়।
সম্প্রতি আকস্মিক বন্যার পানির স্রোতে সেতুর রাণীনগর অংশের উত্তর পাশের এপ্রোচ সড়কের বড় একটি অংশ ধসে যায়। সরেজমিনে দেখা যায়, সড়কের নিচের মাটি সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। কার্পেটিংয়ের একাংশও ভেঙে পড়েছে। ফলে সরু হয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ সড়ক দিয়ে যানবাহন চলাচলে আতঙ্ক তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত ব্যবস্থা না নিলে ধসে যাওয়া অংশ আরও বড় হয়ে পুরো সড়ক নদীতে বিলীন হতে পারে। এতে চার উপজেলার মানুষের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় যুবক মো. পরশ আলী বলেন, এর আগেও প্রায় দুই-আড়াই বছর আগে একই স্থানে ধস দেখা দিয়েছিল। তখন সাময়িকভাবে মাটি দিয়ে গর্ত ভরাট করা হয়েছিল। এবার স্থায়ীভাবে সংস্কারের দাবি জানান তিনি।
আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন তরফদার বলেন, ‘ব্রিজটি এলাকার অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম। প্রতিদিন হাজারো মানুষ ও শিক্ষার্থী এই পথ ব্যবহার করে। ধসে যাওয়া অংশটি এখন মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া প্রয়োজন।’
রাণীনগর উপজেলা প্রকৌশলী ইসমাইল বলেন, সড়ক ধসের খবর পাওয়ার পর ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। অতিরিক্ত পানির স্রোতে নিচের মাটি সরে গিয়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জনগণের নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে উপজেলা প্রকৌশলীকে জরুরি পদক্ষেপ নিতে বলা হয়েছে।
নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. বদরুদ্দোজা মুঠোফোনে বলেন, দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।


