নওগাঁর রাণীনগর ও মান্দা উপজেলায় দুই পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাণীনগর উপজেলার মালশন গ্রামের মোহাম্মদ খয়বর আলীর ছেলে সাখাওয়াত হোসেন (৫৫) ও মান্দা উপজেলার এলেঙ্গা মৃধাপাড়া এলাকায় তহির সরদারের ছেলে ইসমাইল সরদার (৫০)
মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন মণ্ডল বলেন, নিহত ইসমাইল সরদার সকালে নিজ জমিতে কাজ করতে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘বুধবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়। পরদিন সকালে নিহত সাখাওয়াত হোসেন বাড়ির পাশে তার নিজ জমিতে কৃষি কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’


