মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সিটি করপোরেশন নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন হবে। দলীয় প্রতীকে ভবিষ্যতে সিটি নির্বাচন হবে কি-না, সেটা সংসদে নির্ধারণ করা হবে।’
মঙ্গলবার ঢাকার উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এলজিআরডি মন্ত্রী বলেন, ‘যেসব সিটি করপোরেশনের মেয়াদ আগে শেষ হবে, সেসব জায়গায় নির্বাচন আগে হবে। সে ক্ষেত্রে ঢাকার দুই সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন প্রথমে হবে। এরপর ধাপে ধাপে বাকি সিটি করপোরেশনের নির্বাচন হবে।’
আপাতত পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও জানান মির্জা ফখরুল।
এ সময় এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, সরকারি কর্মকর্তাদের পাশাপাশি রাজনৈতিক নেতারা মাঠপর্যায়ে অধিক কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারবেন বলেই তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে সকালে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দেন সিটি করপোরেশনের প্রশাসকরা।
নবনিযুক্ত প্রশাসকরা জানান, মশক নিয়ন্ত্রণ, যানজট নিরসন, রাস্তাঘাট সংস্কার এবং দুর্নীতি প্রতিরোধে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। এ ছাড়া দীর্ঘদিন অকার্যকর থাকা সিটি করপোরেশনগুলোকে সচল করে নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে আশ্বস্ত করেন তারা।


