দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ক্লিভল্যান্ডে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে ১২জন নিহত এবং নয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে জাম্পার্সের একটি ঘনবসতিপূর্ণ এলাকায় ওই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের খুঁজে বের করতে ব্যাপক অভিযান শুরু করেছে জোহানেসবার্গ পুলিশ।
রয়টার্সের খবরে বলা হয়, পুলিশ জানিয়েছে, রাত প্রায় ১১টা ১০ মিনিটে গোলাগুলির খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে তারা একাধিক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে আহতদের চিকিৎসা সহায়তা দিতে জরুরি চিকিৎসা সেবা কর্মীদের ঘটনাস্থলে ডাকা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলায় ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং তিনজন প্রাপ্তবয়স্ক নারী ঘটনাস্থলেই মারা যান। পরে আরও একজন পুরুষ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ছাড়া অন্তত নয়জন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনাস্থলের কাছাকাছি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানায়, ১০ জনেরও বেশি সন্দেহভাজন হামলাকারী একটি সাদা রঙের টয়োটা কোয়ান্টাম গাড়িতে করে ক্লিভল্যান্ড এলাকার একটি পেট্রোলপাম্পের কাছে আসেন। এরপর তারা গাড়ি থেকে নেমে বসতির দুটি প্রবেশপথ ব্যবহার করে ভেতরে ঢোকেন।
হামলাকারীরা বসতির বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালায়। হামলা শেষে তারা একই গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনার তদন্ত এবং দায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য প্রাদেশিক ও জেলা পর্যায়ের গোয়েন্দা কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছে। তাদের সঙ্গে অপরাধ গোয়েন্দা ইউনিট এবং ফরেনসিক বিশেষজ্ঞরাও কাজ করছেন।
এখনও পর্যন্ত হামলার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ঘটনা সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে তা পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে পরিচয় গোপন রেখে মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য দেওয়ার সুযোগও রাখা হয়েছে।


