উগ্রবাদী সন্দেহে রাজধানীর তেজগাঁও কলেজের একটি মসজিদ থেকে আটক ২৩ জনের মধ্যে ১১ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম শনিবার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বাকি ১২জন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিস) হেফাজতে রয়েছেন। তাদের ৫৪ ধারায় আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এরপর তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে।
গত শুক্রবার ফার্মেগেটের তেজগাঁও কলেজের একটি মসজিদে গোপন বৈঠকের সময় অভিযান চালিয়ে ওই ২৩ জনকে আটক করা হয়। প্রাথমিকভাবে উদ্রবাদী সংগঠন ‘ইত্তেহাদুল উম্মাহ’র সঙ্গে তাদের সম্পৃক্ততার অভিযোগ আনা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে ওই সংগঠনের কিছু লিফলেট পাওয়া গেছে।


