ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, তারেক রহমানের বিরুদ্ধে ইসলামের দুশমনরা নানা ষড়যন্ত্র করছে যাতে তিনি কোনো ভালো কাজ করতে না পারেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘হিফযুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২৬ (সিজন ২)’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বুধবার তিনি এ কথা বলেন।
তারেক রহমানের জন্য দোয়া করার আহ্বান জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, ‘আপনারা দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে হেফাজত করেন। কারণ, তার বিরুদ্ধে ইসলামের দুশমনরা প্রচুর ষড়যন্ত্র করছে যাতে তিনি কোনো ভালো কাজ করতে না পারেন।’
জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে তিনি বলেন, বাংলাদেশে ইসলামের ধারক-বাহক ছিলেন জিয়াউর রহমান। সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছেন তিনি এবং মধ্যপ্রাচ্যের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছিলেন।
তিনি বলেন, সেই সুসম্পর্ক পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অব্যাহত রেখেছেন।
খালেদা জিয়ার আলেমদের সঙ্গে সম্পর্কের কথা উল্লেখ করে কায়কোবাদ বলেন, তিনি আলেম সমাজকে মূল্যায়ন করেছেন এবং ২০০৯ সালে রমজান মাসে দেশের প্রখ্যাত আলেমদের কাছে জায়নামাজ, খেজুর ও আতর পাঠিয়েছিলেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক।
তিনি বলেন, সহিহ তেলাওয়াত ও তাজবিদের প্রতি গুরুত্ব দিয়ে এমন প্রতিযোগিতামূলক আয়োজন করা হয়েছে দেখে তিনি আনন্দিত।
কোরআনের আদব রক্ষা করা জরুরি এবং এ ধরনের আয়োজনের আগে সংশ্লিষ্ট নিয়ম-কানুন সম্পর্কে সবার জানা প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, বিগত সাড়ে ১৫ বছর আমরা সুযোগ পাইনি এবং ক্যাম্পাস থেকে বিতাড়িত ছিলাম। কিন্তু সুযোগ পাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীবান্ধব কর্মসূচি গ্রহণের চেষ্টা করেছি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুমসহ সংগঠনের অন্যান্য নেতারা।


