ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) বাস্তবায়ন কেন দৃশ্যমান হচ্ছে না এবং ড্যাপ যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগতভাবে অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
একটি রিটের শুনানি করে রোববার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এবং বিচারপতি এএফএম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করে।
আইন ও মানবাধিকার বিষয়ক সংগঠন মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা রিট দায়ের করে। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. গোলাম রহমান ভূঁইয়া।
রিটে বলা হয়, রাজধানী ঢাকার পরিকল্পিত, পরিবেশবান্ধব ও জনবান্ধব নগরায়ণের লক্ষ্যে ড্যাপ প্রণয়ন করা হলেও এর বাস্তবায়ন কাঙ্ক্ষিত মাত্রায় দৃশ্যমান হচ্ছে না। এর ফলে অপরিকল্পিত নগরায়ণ, জলাধার ও উন্মুক্ত স্থান দখল, পরিবেশের ভারসাম্যহীনতা, যানজট এবং নাগরিক জীবনে নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। রিটের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ড্যাপের বিধান ও পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণে বাধ্য করার বিষয়টি আদালতের নজরে আনা হয়।
রিট আবেদনে সংবিধানের ২৭ অনুচ্ছেদের (আইনের দৃষ্টিতে সমতা) উল্লেখ করে বলা হয়, রাজধানী ঢাকার পরিকল্পিত, পরিবেশবান্ধব ও জনবান্ধব নগরায়ণের লক্ষ্যে ড্যাপ প্রণয়ন করা হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এর বাস্তবায়ন কাঙ্ক্ষিত মাত্রায় দৃশ্যমান নয়। ফলে নগরে জলাধার ও উন্মুক্ত স্থান দখল, অপরিকল্পিত ভবন নির্মাণ, পরিবেশের মারাত্মক ভারসাম্যহীনতা এবং অসহনীয় যানজটসহ নানা নাগরিক সংকট তীব্র হচ্ছে। ড্যাপের বিধান বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ ও জবাবদিহিতা নিশ্চিত করতেই রিট আবেদনটি করা হয়।


