সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২১১ জনে দাঁড়িয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৫ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মারা যাওয়া দুজন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
চলতি বছর ডেঙ্গুতে মৃত ২১১ জনের মধ্যে সেপ্টেম্বরে মারা গেছেন ১১৫ জন। চলতি বছরের মাসভিত্তিক হিসাবে সেপ্টেম্বরে মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ।
গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৭৬ জন ভর্তি হয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ভর্তি হয়েছেন ১১৩ জন। ঢাকার দুই সিটির বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪১ জন।
অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ৪৪ জন, চট্টগ্রামে ২৪৬ জন, খুলনায় ১৩০ জন, ময়মনসিংহে ৩৭ জন, রংপুরে ৪৪ জন ও সিলেটে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৯৫৩ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ হাজার ১০৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৪ হাজার ৮২৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। এর মধ্যে ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। ওই বছর ডেঙ্গুতে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।


