হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরের সিদ্ধান্ত সঠিক ছিল বলে মন্তব্য করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, সাভারে সঠিক বর্জ্য শোধনাগারের (সিইটিপি) ব্যবস্থা রয়েছে এবং উচ্চ মাত্রার বর্জ্য তৈরি হওয়া এই শিল্পটি এমন একটি উপযুক্ত জায়গায় স্থাপন করাই যুক্তিযুক্ত ছিল।
শুক্রবার দুপুরে সাভারের বিসিক চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও জানান, সাভারের সিইটিপি সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণ করতে আগামী দিনে ইতালির একটি প্রতিষ্ঠানকে যুক্ত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
এ ছাড়া হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরের প্রক্রিয়ায় যেসব প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত বা হারিয়ে গেছে, তাদেরকে পুনর্বাসন ও সহযোগিতার মাধ্যমে চামড়া শিল্পকে রক্ষায় বিএনপি সরকার নানা উদ্যোগ হাতে নিয়েছে।
পরে মন্ত্রী চামড়া শিল্প নগরীর বিভিন্ন কারখানা পরিদর্শন করেন এবং মালিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। এদিকে, শুক্রবার দ্বিতীয় দিনের মতো ট্যানারি কারখানাগুলোতে কোরবানির পশুর চামড়া প্রবেশ অব্যাহত রয়েছে।


