ঢাকার হাজারীবাগে বেঙ্গল লেদার কমপ্লেক্স ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার ভোর ৬টার কিছু আগে ওই ভবনে আগুন লাগে।
স্থানীয়রা জানায়, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বেঙ্গল লেদার কমপ্লেক্সের ওই ভবনে একাধিক প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে একটি জুতার কারখানা, চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানা এবং কয়েকটি গার্মেন্টসও রয়েছে।
তবে, ভবনটির চারতলার ঝুটের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন তারা।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
সকাল সাড়ে ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তদন্ত শেষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।


