জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার থানার মোড়ে জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় জামালপুর-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের গাড়ি ভাঙচুর করা হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরে এমপি বাবু ও সাধারণ সম্পাদক নবাবের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল চলছিল। এর মধ্যে সন্ধ্যায় ডাকবাংলোর দ্বিতীয় তলায় অবস্থান নেন তারা দুজন।
এ সময় নিচে থাকা দুই নেতার কর্মী-সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং এমপি বাবু ও সাধারণ সম্পাদক নবাবের গাড়িসহ বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রাত ৮টার দিকে এমপিকে উদ্ধার করে। এ বিষয়ে জানতে সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
তবে এমপি সুলতান মাহমুদ বাবু সাংবাদিকদের বলেন, ‘নতুন ইউএনও’র সঙ্গে কথা বলার সময় একদল দুষ্কৃতকারী গাড়িটি ভাঙচুর করেছে। দ্রুত এদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘এমপি ও নুরুল ইসলাম নবাবের গাড়িসহ তিনটি গাড়ি এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত আছে।’


