জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) র্যাগিংয়ের অভিযোগে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ১৬ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
একই সঙ্গে ঘটনাটি তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে ২১ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বিশ্ববিদ্যালয়ের ২১ নং (ছাত্র) হলে ওই বিভাগের ৫৪ ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে র্যাগিংয়ের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া যায়। উপাচার্য মোহাম্মদ কামরুল আহসানের নির্দেশে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য প্রণীত শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮’-এর ধারা ৪(১)(খ) অনুযায়ী এই বহিষ্কারাদেশ জারি করা হয়।
পরবর্তীতে সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের সংশ্লিষ্ট শাখা থেকে এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে। একই সঙ্গে ঘটনাটির তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মওলানা ভাসানী হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান। সদস্য হিসেবে রয়েছেন সহকারী প্রক্টর মোহাম্মদ আল-আমিন খান এবং সদস্যসচিব হিসেবে ডেপুটি রেজিস্ট্রার (উচ্চ শিক্ষা ও বৃত্তি) লুৎফর রহমান আরিফ।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন–মোহাম্মদ তানভীর রহমান মুন, মোহাম্মদ আব্দুল্লাহ আল ফাহাদ, আব্দুল্লাহ আল সাঈদ, মোহাম্মদ আবু তালহা রনি, রাজিব শেখ, এস এম মাহামুদুন্নবী, মোহাম্মদ আবু সাইদ, জান্নাতুল আদন, আহম্মেদ আরেফিন রাতুল, তাসনিমুল হাসান জুবায়ের, মোহাম্মদ মাহামুদুল হাসান ফুয়াদ, মোহাম্মদ আল হাসিব, মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমান, মোহাম্মদ রাকিবুল হাসান নিবির, মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং উশান্ত ত্রিপুরা।


