জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন প্রোগ্রাম হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘দেশের মানুষের স্বার্থ ক্ষুণ্ণ করে আইএমএফের কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না।’
রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী দেশের চলমান রাজনীতি, অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক আর্থিক সহযোগিতা বিষয়ে সরকারের গুরুত্বপূর্ণ অবস্থান ও পরিকল্পনা তুলে ধরেন।
অর্থমন্ত্রী বলেন, ‘পূর্ববর্তী সরকারের নেওয়া আইএমএফের আগের প্রোগ্রামটি ছিল সম্পূর্ণ জনস্বার্থবিরোধী। একটি নির্বাচিত সরকার হিসেবে দেশের মানুষের এবং দেশের অর্থনীতির স্বার্থ সুরক্ষিত রাখাই সরকারের প্রধান অগ্রাধিকার।’
আধুনিক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে অর্থমন্ত্রী জানান, দেশের অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক অঙ্গনে আস্থা বাড়াতে বর্তমান ভিসা নীতিতে পরিবর্তন আনা হবে।
তিনি বলেন, একটি আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হলে বর্তমান ভিসা নীতি সংশোধন করা দরকার। এই নীতিকে আরও সহজ ও আধুনিক করা হবে।
ভিসা নীতি আধুনিকীকরণের সুফল উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এর ফলে দেশে বিদেশি পর্যটকদের আগমন বাড়বে, বিদেশি বিনিয়োগকারীরা স্বাচ্ছন্দ্যে বিনিয়োগ করতে পারবেন এবং বিশ্ববাসীর কাছে বাংলাদেশের ওপর আস্থা ও গ্রহণযোগ্যতা আরও সুদৃঢ় হবে।


