পাবনার ঈশ্বরদীতে ছেলের বিয়ের বাজার করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরদী শহরের আলহাজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাহাপুর ইউনিয়নের মালিথাপাড়া এলাকার আনোয়ার মালিথা (৪০) ও তার স্ত্রী স্বপ্না খাতুন (৩৫)।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আনোয়ার মালিথার বড় ছেলে সিয়াম হোসেনের বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের বাজার করতে বুধবার বিকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঈশ্বরদী বাজারে যান আনোয়ার। বাজার শেষে সন্ধ্যায় তারা বাড়ি ফিরছিলেন।
আলহাজ মোড় এলাকায় পৌঁছালে নতুনহাট থেকে ঈশ্বরদী শহরগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্বপ্না খাতুন ঘটনাস্থলেই মারা যান।
গুরুতর আহত আনোয়ার মালিথাকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহের সুরতহাল করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’


