ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা জাতীয় নির্বাচনে কাজে লাগবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা জাতীয় নির্বাচনে কাজে লাগবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিশ্ববিদ্যালয়সমূহের ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদভাবে অনুষ্ঠিত করতে কাজে লাগবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রাকসু ও চাকসু নির্বাচন-২০২৫ উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, ‘ইতোমধ্যে ডাকসু ও জাকসু নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শিগগিরই রাকসু ও চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘আজকের সভায় ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর ও প্রধান নির্বাচন কমিশনারগণ উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে আলাপ-আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় হয়েছে, এবং তারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত।’

তিনি বলেন, ‘যারা ছাত্র সংসদ নির্বাচনে ভোট দেবেন, তারাও উচ্চ শিক্ষায় শিক্ষিত।’

আরও পড়ুন

উপদেষ্টা আরও বলেন, ‘যেহেতু আমাদের জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, তাই এ নির্বাচনগুলো দেখে আমাদের কিছু অভিজ্ঞতা হচ্ছে। সে অভিজ্ঞতা জাতীয় নির্বাচনে কীভাবে প্রয়োগ করা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে। তা ছাড়া যেহেতু ইতোমধ্যে দুটি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তাদের ছোটখাটো ভুলগুলো কীভাবে সমাধান করা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘আজকের সভায় নির্বাচন বিষয়ে যেসব ভালো পরামর্শ এসেছে, তা আমরা ভবিষ্যতে কাজে লাগাবো।’

তিনি উল্লেখ করেন, ‘ভোটকেন্দ্রের সংখ্যা নির্ধারণ, ভোট গণনার প্রক্রিয়া, কালি কীভাবে ব্যবহার করতে হবে, নির্বাচনের ফলাফল দ্রুত ঘোষণা, ভোটকেন্দ্রে ভোটারদের ছবি যুক্ত আইডিকার্ড এবং স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘রাকসু ও চাকসু নির্বাচন নিয়ে প্রতিষ্ঠান দুটি কোনো উদ্বেগ নেই। দুইটি নির্বাচনই সুষ্ঠু, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে হবে বলে আশা করা যাচ্ছে।’

উপদেষ্টা নির্বাচনের সুষ্ঠুতা নিশ্চিত করতে সকল পক্ষের সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন। তিনি সাংবাদিকদের নির্বাচন পর্যবেক্ষণের অনুরোধ জানান এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা  চৌধুরী রফিকুল আবরারও উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad