চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধু উল্টে যাওয়ায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার উথলী ইউনিয়নের মালোপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম সন্ধ্যা রানি (৬৩)। তিনি দর্শনা রামনগর বাগদীপাড়ার দুলালের স্ত্রী। দুর্ঘটনায় আহতরা চুয়াডাঙ্গার দর্শনা রামনগর গ্রামের বাগদীপাড়ার বাসিন্দা।
স্থানীয়রা জানান, বিভিন্ন হাটবাজারে ঝুড়ি-ঝাপি বিক্রি শেষে তারা আলমসাধুতে করে খুলনার খালিশপুর থেকে দর্শনায় ফিরছিলেন। উথলী মালোপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ দুটি শিয়াল সড়কের ওপর চলে আসে। এ সময় দ্রুতগতির আলমসাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে যাত্রীরা সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
ঘটনাস্থলেই সন্ধ্যা রানির মৃত্যু হয় উল্লেখ করে স্থানীয়রা জানান, আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক ঝন্টু জানান, মালোপাড়া এলাকায় আলমসাধু উল্টে একজন নিহত ও ১৫ জন আহত হওয়ার খবর পেয়েছেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


