রাজধানীর শ্যামপুর পোস্তগোলা ব্রিজের ওপরে সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তিনি মারা যান।
শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মাইনুদ্দিন তালুকদার জানান, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে পোস্তগোলা ব্রিজের ওপর রাস্তা পার হওয়ার সময় কোনো এক যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। পথচারীরা তাকে পড়ে থাকতে দেখে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এসআই আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তবে কোন গাড়ির ধাক্কায় দুর্ঘটনা, সেটি এখনো জানা যায়নি। তার বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মথুরাপুর গ্রামে। বাবার নাম আব্দুর রহমান। গ্রামেই একটি দোকান রয়েছে তার।


