চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী ও অতীশ দীপঙ্কর হল সংসদের ব্যালট পুনর্গণনার সিদ্ধান্ত নিয়েছে চাকসু নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার ভোরে বিষয়টি নিশ্চিত করেন চাকসু ও হল সংসদ নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী।
তিনি বলেন, ‘কিছু শিক্ষার্থীর দাবির পরিপ্রেক্ষিতে কমিশন এ দুটি হলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নিয়েছে। তবে কেন্দ্রীয় সংসদের ফলাফলের বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।’
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার দুপুর আড়াইটায় এ দুটি হল সংসদ নির্বাচনের ব্যালট প্রার্থীর এজেন্টদের উপস্থিতিতে পুনর্গণনা করা হবে।
বুধবার দিনভর চাকসু নির্বাচনে ভোট দেন শিক্ষার্থীরা। ভোরে ভোটগণনা শেষে জানা যায়, ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। প্যানেলটির প্রার্থীরা ভিপি ও জিএসসহ ২৪টি পদে জয়ী হয়েছেন। অন্যদিকে এজিএস পদে জয় পেয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক।
বৃহস্পতিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।


