চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে
মোবারক হোসেন ইমন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের অন্যতম নিয়ন্ত্রক ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে ফটিকছড়ি থানার দুটি পৃথক মামলায় ১০ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

রোববার বেলা ১২টার দিকে আদালত এই আদেশ দেয়। এর আগে বেলা ১১টার দিকে ব্যাপক নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে ডেভিড ইমনকে চট্টগ্রামের আদালতে হাজির করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, ফটিকছড়ি থানার অস্ত্র ও হত্যা সংক্রান্ত দুটি পৃথক মামলায় ডেভিড ইমনসহ তার চার সহযোগীকে পুলিশ সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করেছিল। শুনানি শেষে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক মো. মোতাসিম বিল্লাহ তাদের ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়া হাটহাজারী থানার অন্য মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক মো. লোকমান হাকিম।

আরও পড়ুন

ডেভিড ইমন চট্টগ্রামের অপরাধ জগতে এক আতঙ্কের নাম। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। সম্প্রতি একজন ইন্টারনেট ব্যবসায়ীর কাছ থেকে এককালীন ২ কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করার ঘটনায় তিনি নতুন করে আলোচনায় আসেন। এছাড়া ২০২৫ সালে বাকলিয়ার জোড়াখুন এবং পতেঙ্গায় সন্ত্রাসী আকবর হত্যা মামলাতেও তার সংশ্লিষ্টতার কথা জানা গেছে।

দীর্ঘদিন পলাতক থাকার পর গত বুধবার ভোরে যশোর সীমান্ত থেকে তিন সহযোগী ও বিপুল পরিমাণ অস্ত্রসহ ডেভিড ইমনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে চট্টগ্রামে এনে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল। রোববার রিমান্ড শুনানির মাধ্যমে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

এদিকে, সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এলাকার বিভিন্ন থানার পাঁচটি মামলা আদালতে জমা দেওয়া হবে। ডিজিটাল ডট নেটে (ডিডিএন) হামলার ঘটনার চকবাজার থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে কিনা তা সোমবার জানা যাবে। মঙ্গলবার বা পরদিন এসব মামলার শুনানি হতে পারে বলে সিএমপি সূত্রে জানা গেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad