গুচ্ছ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ইবিতে ৪ স্তরের নিরাপত্তা

গুচ্ছ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ইবিতে ৪ স্তরের নিরাপত্তা
ইবিতে সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের লাইন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী ‘সি’ ইউনিটভুক্ত ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে এ ইউনিটে মোট এক হাজার ৪৫৬ জন শিক্ষার্থীর জন্য আসন নির্ধারণ করা হয়েছে। পরীক্ষা উপলক্ষে সকাল থেকেই ভর্তিচ্ছু শিক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হতে শুরু করেন। অনেকের সঙ্গে ছিলেন তাদের অভিভাবকরাও, ফলে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ক্যাম্পাসজুড়ে আনসার, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি প্রক্টরিয়াল বডির তত্ত্বাবধানে বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছেন। নকল ও প্রক্সি ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে।

পরীক্ষা উপলক্ষে ইবিতে দায়িত্ব পালন করছেন আনসার, র‍্যাব ও পুলিশ। ছবি: টাইমস

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক শাহিনুজ্জামান জানান, পরীক্ষার্থীরা নির্বিঘ্নে কেন্দ্রে প্রবেশ করেছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আগামী ৩ এপ্রিল একই সময়ে ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ১০ এপ্রিল দুটি আলাদা শিফটে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা এবং আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রইং) পরীক্ষা নেওয়া হবে। এদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘এ’ ইউনিট এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর গুচ্ছ ভর্তি পরীক্ষায় মোট দুই লাখ ৮৪ হাজার ৪৮০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে ‘এ’ ইউনিটে এক লাখ ৬৬ হাজার ২৪০ জন, ‘বি’ ইউনিটে ৯৩ হাজার ১৫৮ জন এবং ‘সি’ ইউনিটে ২৫ হাজার ২৮২ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে- ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad