ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষার সুযোগ বৃদ্ধি ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।
শনিবার বিকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ হলরুমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও সদস্যদের মধ্যে শিক্ষা বৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় মধুপুর উপজেলা প্রশাসন এসব শিক্ষা বৃত্তি ও উপকরণ বিতরণের আয়োজন করে।
মন্ত্রী বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সরকারের এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করার পাশাপাশি বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণের মাধ্যমে উপকারভোগীদের দৈনন্দিন জীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে।
তিনি আরও বলেন, মধুপুর ও ধনবাড়ীতে মাদকের বিষয়ে অভিভাবকেরা উদ্বিগ্ন। মাদকের বিষয়ে কেউ যেন ছাড় না পায়, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
অনুষ্ঠানে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শামসুজ্জামান সুরুজ, অধ্যক্ষ আব্দুল আজিজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, খন্দকার মোতালিব হোসেন, খুররম খান ইউসুফজি প্রমুখ।


